সারাবিশ্ব
ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানবিরোধী সামরিক অভিযান আরও জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে এই অভিযান অব্যাহত রাখা এবং তীব্রতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
মোহাম্মদ বিন সালমান, যিনি দেশটির ডি ফ্যাক্টো শাসক, তিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ দ্রুত শেষ না করার অনুরোধ জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের নতুন করে ক্ষমতার ভারসাম্য গড়ে তোলার একটি বড় সুযোগ।
নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব শুধু এই অভিযান সমর্থনই করছে না, বরং এর গতি বাড়ানোর পক্ষেও মত দিচ্ছে। যদিও এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি রিয়াদ, তবে পরিস্থিতি অবনতি হলে তাদের অবস্থান বদলাতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরব সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তেহরানের পাল্টা হামলায় সৌদি স্থাপনাও ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগর উপকূলের ইয়ানবু এলাকায় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনাকে এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় স্থবির হয়ে পড়ায় আঞ্চলিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। যদিও বিকল্প পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব এখনো রপ্তানি চালিয়ে যাচ্ছে, তবুও এই অবকাঠামোও হামলার ঝুঁকিতে রয়েছে।
বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, যদি হুথি বিদ্রোহীরা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে যুক্ত হয়, তাহলে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
দীর্ঘদিন ধরে সুন্নি-শিয়া নেতৃত্বের প্রশ্নে সৌদি আরব ও ইরান-এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও নতুন করে সংঘাতের আবহ তৈরি হওয়ায় রিয়াদ এখন এক কঠিন কৌশলগত সিদ্ধান্তের মুখে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
সূত্র: দ্য গার্ডিয়ান