সারাবিশ্ব

২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধূমপান নিষিদ্ধ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধূমপান নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

আগামী প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে দূরে রাখতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন আইনের মাধ্যমে ২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের কাছে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ সংক্রান্ত বিলটি পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে। আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পেলেই এটি আইনে পরিণত হবে। তখন ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া কেউ আর আইনত তামাক কিনতে পারবেন না।

‘তামাক ও ভ্যাপ বিল’ নামে এই উদ্যোগের লক্ষ্য একটি “ধূমপানমুক্ত প্রজন্ম” তৈরি করা। ২০২৪ সালের ৫ নভেম্বর বিলটি প্রথম উত্থাপন করা হয় এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস—উভয় কক্ষের অনুমোদনের মাধ্যমে এটি চূড়ান্ত হয়েছে।

সরকারের আশা, এই আইন কার্যকর হলে ধীরে ধীরে তামাকজাত পণ্যের ব্যবহার কমে গিয়ে একসময় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আসক্তির চক্র ভেঙে পড়বে।

পরিসংখ্যান বলছে, শুধু ইংল্যান্ডেই প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ ধূমপানজনিত কারণে হাসপাতালে ভর্তি হন এবং ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। এছাড়া ক্যান্সার ও হৃদরোগসহ নানা রোগের চিকিৎসায় এনএইচএসের বছরে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়। সামগ্রিকভাবে ধূমপানের কারণে বছরে ২১.৩ থেকে ২৭.৬ বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক ক্ষতি হয়, যার বড় অংশ উৎপাদনশীলতা হ্রাসের কারণে।

দেশটির স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন, এই আইন জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে নতুন প্রজন্মকে ধূমপানের আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে, একই সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপও কমবে।