সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে ভোট গণনায় বিজেপি এগিয়ে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:০৩ এএম

পশ্চিমবঙ্গে ভোট গণনায় বিজেপি এগিয়ে
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। সর্বশেষ তথ্যে দলটি ১৬২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১৫টি আসনে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসনে জয়। ফলে বর্তমান প্রবণতা অনুযায়ী সরকার গঠনের দৌড়ে বিজেপি এগিয়ে আছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হয় এই নির্বাচনের ভোটগ্রহণ। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় আজ ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে।

কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। গোটা দেশের নজর এখন এই ফলাফলের দিকে, কারণ এর মাধ্যমেই নির্ধারিত হবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে, নাকি বিজেপি নতুন করে সরকার গঠন করতে পারবে।

উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান দৃশ্যমান হয় এবং ২০২১ সালের নির্বাচনে দলটি তৃণমূলের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। অন্যদিকে বাম ও কংগ্রেস জোট ক্রমেই দুর্বল হয়ে পড়ে।

ফলাফলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।