সারাবিশ্ব

যুদ্ধ থামাতে আলোচনায় আগ্রহী ইরান, তবে ‘জাতীয় স্বার্থে আপস নয়’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:১১ পিএম

যুদ্ধ থামাতে আলোচনায় আগ্রহী ইরান, তবে ‘জাতীয় স্বার্থে আপস নয়’
মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে কূটনৈতিক পথ বেছে নিতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত আছে, তবে জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার (৬ মে) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অবস্থান তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন পেজেশকিয়ান। তার দাবি, দুই দেশের মধ্যে সংলাপ চলার সময়ও ওয়াশিংটন ইরানের ওপর দুই দফা হামলা চালিয়েছে। এমন আচরণকে তিনি “পেছন থেকে ছুরি মারা”র সঙ্গে তুলনা করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্বল্পমেয়াদি সমঝোতা স্মারকের বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় বিবেচনা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিলের বিষয়েও আলোচনা চলছে।

আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।