সারাবিশ্ব

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:২৭ এএম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন
ছবি: সংগৃহীত

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণের বিষয়ে প্রস্তুত রয়েছে রাশিয়া। রাজধানী মস্কো-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, ২০১৫ সালেও ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাশিয়ার। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত মস্কো।

রুশ প্রেসিডেন্টের ভাষ্য, একসময় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের বাইরে ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডেই সরিয়ে নিতে হবে। এরপর ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে তোলে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে রাশিয়া। একই সঙ্গে চলমান সংকট দ্রুত সমাধানের আশাও ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা