সারাবিশ্ব
পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। নতুন নির্দেশনায় প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদিপশু জবাই নিষিদ্ধ করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৩ মে) প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়, সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ও পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা জরিমানার বিধান রাখা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গরু, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষসহ সব ধরনের গবাদিপশুর ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে। জবাইয়ের অনুমতি পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং তা প্রজনন বা কৃষিকাজের অনুপযোগী হিসেবে বিবেচিত হতে হবে। গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুর ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া যেতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, পশু জবাই শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসনের অনুমোদিত স্থানে করা যাবে। জনসমাগমপূর্ণ এলাকা বা খোলা স্থানে পশু জবাই করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এ বিধিনিষেধ কার্যকর করতে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত কর্মকর্তাদের তদারকির ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। পরিদর্শন কাজে বাধা দিলেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে এক হাজার রুপি পর্যন্ত জরিমানা, ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি এসব অপরাধকে ‘আমলযোগ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পরই এই আমূল পরিবর্তন আনা হলো। বিশেষ করে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর জয় এবং নতুন সরকারের এই ত্বরিত সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি