সারাবিশ্ব

ইরানে সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তি, আটক ২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:০২ এএম

ইরানে সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তি, আটক ২
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তরা সামরিক ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার তথ্য সংগ্রহ করে বিদেশভিত্তিক নেটওয়ার্কে পাঠাতেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

শাফাক নিউজের বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) তেহরান গ্রেটার পুলিশ ইনফরমেশন সেন্টার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শহরের পশ্চিম ও উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা নিজেদের মিডিয়া কর্মী হিসেবে পরিচয় দিতেন। সেই পরিচয় ব্যবহার করে তারা সামরিক ও স্পর্শকাতর স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করতেন এবং পরে সেগুলো বিদেশে পরিচালিত একটি নেটওয়ার্কে পাঠাতেন।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের সঙ্গে দেশের ভেতর ও বাইরে সক্রিয় একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের যোগাযোগ ছিল। তবে তাদের পরিচয়, কোন বিদেশি সংস্থার হয়ে কাজ করতেন কিংবা কোন গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছিলেন—এসব বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে, তারা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দেশের বাইরে পরিচালিত একটি অপারেশন রুমের সঙ্গে এনক্রিপটেড যোগাযোগ রক্ষা করতেন। অভিযানের সময় একটি স্টারলিংক রিসিভার জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৪ মার্চ নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে ইরানের বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছিল।