সারাবিশ্ব
ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ২১
ইরাকের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চলন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে আগুনের তীব্রতায় অনেক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।