সারাবিশ্ব

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মোদির নেতৃত্বের ধরন এবং তার ব্যক্তিত্বের বৈপরীত্য নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘দেবদূতের মতো’ এবং ‘টোটাল কিলার’ বলে আখ্যায়িত করেন। তবে তার এই মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল মোদির কঠোর ব্যক্তিত্ব এবং দরকষাকষির অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করা।

দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদিকে দেখতে অত্যন্ত শান্ত ও ভদ্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা ও দক্ষ নেতা। তার মতে, এমন ব্যক্তিত্বের মানুষ খুব কমই দেখা যায়, যারা একই সঙ্গে নম্র চেহারার হলেও সিদ্ধান্ত গ্রহণে আপসহীন।

মোদির এই নেতৃত্বগুণের প্রশংসা করে ট্রাম্প জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে সবসময় প্রকৃত বন্ধু হিসেবে দেখার কথাও উল্লেখ করেন তিনি।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে কাজ চলছে জানিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতে ভারত ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের সাফল্যের কথাও স্মরণ করেন এবং ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন গতি পেয়েছে এবং বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোদি আরও জানান, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

সব মিলিয়ে জি-৭ সম্মেলনের এই বৈঠক দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রা দিয়েছে। ট্রাম্পের মুখে মোদির প্রশংসা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।