সারাবিশ্ব

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল-হিজবুল্লা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১৭ এএম

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল-হিজবুল্লা
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির তিন দিন পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি।  

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহের দু’টি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। 

হিজবুল্লার কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় এক ঘণ্টা দক্ষিণ লেবাননে এক ডজন বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী, তবে স্থানীয় সময় বিকেল ৫টার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর তরফ থেকে কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলা হয়নি।

ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও রাত ৮টার দিকে দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোনের আঘাতে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। 

এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানতে আইডিএফের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। 

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে লেবাননে বিমান অভিযান পরিচালনা করেছিল আইডিএফ। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। সেই অভিযানের ১২ ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধবিরতির খবর পাওয়া গেলো।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন, কাতারি এবং ইরানি কর্মকর্তাদের তৎপরতার ফলাফল এই যুদ্ধবিরতি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, “হিজবুল্লা এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, যদিও লেবাননে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে আমরা বুঝতে পারছি এবং আশা করছি যে এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।