সারাবিশ্ব

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে, পাশাপাশি জীবিতদেরও খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৩শ’র বেশি মানুষ।

গত বুধবার আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর লা গুয়াইরা। প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের বসবাসের এই শহরে শতাধিক ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৭০ হাজার পরিবার। রাজধানী কারাকাসেও বহু ভবন ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভূমিকম্পের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা কমে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি থাকা সত্ত্বেও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। জীবিতদের উদ্ধারের পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধারের কাজও চলছে সমানতালে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্ধারস্থলগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা।

এক স্থানীয় বাসিন্দা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ভারী যন্ত্রপাতি ও জনবল নিয়ে উদ্ধারকাজ জোরদার করা জরুরি।

এদিকে সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা বাড়ছে। একসময় বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়া মেক্সিকো, চিলি ও এল সালভাদরসহ কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে। বিভিন্ন দেশ মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে।