সারাবিশ্ব

লাশের মাংস চুরি করে রান্না করে খেতেন এই হাসপাতালকর্মী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪৪ এএম

লাশের মাংস চুরি করে রান্না করে খেতেন এই হাসপাতালকর্মী
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের বাসায় সংরক্ষণ করতেন এবং তা রান্না করে খেতেন বলে অভিযোগ উঠেছে।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুদাপেস্টে তার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে মানুষের হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হাসপাতালে রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই ব্যক্তি তার কর্মস্থল ছাড়াও প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃতদেহের অংশ চুরি করতেন।

উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

তদন্তের অংশ হিসেবে হাসপাতালের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্তের শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। এছাড়া পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণের প্রতিও তার ঝোঁক ছিল বলে জানিয়েছেন তারা।