সারাবিশ্ব

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৮ এএম

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় ভারতীয় সেনাসদস্যদের হতাহতের তথ্য গোপনের অভিযোগে চাপে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের দাবি, সরকার প্রকৃত তথ্য প্রকাশ না করে নিহত সেনাসদস্যদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকেও বঞ্চিত করেছে।

সরকারি হিসাবে ওই সংঘাতে মোট ছয়জন সেনাসদস্য নিহত হন। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন।

এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, সরকার নিহত সেনাদের তথ্য গোপন করে সংসদ ও দেশের জনগণকে বিভ্রান্ত করেছে।

অনূমা আচার্য বলেন, অতীতের সরকারগুলো দায়িত্ব পালনকালে নিহত প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

অন্যদিকে কর্নেল রোহিত চৌধুরীর অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে দাবি করেছিলেন, কোনো সেনাসদস্য নিহত হননি। পরে সরকার নিহত সেনাদের তথ্য প্রকাশ করায় সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করে প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন।

কংগ্রেস জানিয়েছে, এ ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার বিষয়েও তারা উদ্যোগ নেবে। তবে এ অভিযোগের বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নতুন প্রতিক্রিয়া জানায়নি।