সারাবিশ্ব

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম 
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে অনেকটাই এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবার পার্টির অধিকাংশ এমপির সমর্থন পাওয়ায় তার নেতৃত্ব প্রায় নিশ্চিত হয়ে গেছে।

শুক্রবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই বার্নহ্যাম লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন। ফলে আর মাত্র একজন এমপির সমর্থন পেলেই তিনি একক প্রার্থী হিসেবে দলীয় নেতৃত্ব নিশ্চিত করবেন।

নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রকাশিত এক ভিডিও বার্তায় বার্নহ্যাম বলেন, “সবকিছু এখন খুব বাস্তব মনে হতে শুরু করেছে।”

লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

রয়টার্স আরও জানিয়েছে, সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেওয়ায় বার্নহ্যামের পথ আরও সহজ হয়েছে। যেসব এমপি প্রথম দিন ভোট দিতে পারেননি, তাদের অনেকেই সংসদ অধিবেশন শুরু হলে তাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম লেবার পার্টির অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং স্বাস্থ্য ও সংস্কৃতিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে অংশ নিলেও সফল হননি।