সারাবিশ্ব

ডিআর কঙ্গোতে ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা, মৃত্যু ৬০০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

ডিআর কঙ্গোতে ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা, মৃত্যু ৬০০
ছবিঃ সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশ। সেখানে বকেয়া বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদে স্বাস্থ্যকর্মীসহ প্রাথমিক পর্যায়ের অনেক কর্মী চাকরি ছেড়ে দিচ্ছেন। জাতীয় ও প্রাদেশিক সরকারের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্রুত বেতন পরিশোধ না হলে ধর্মঘটেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির (এপি) সঙ্গে কথা বলা কয়েকজন স্বাস্থ্যকর্মী জানান, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তারা কোনো বেতন বা ঝুঁকি ভাতা পাননি। সীমিত চিকিৎসা সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালন করলেও কর্তৃপক্ষ তাদের প্রতি অযৌক্তিক আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা।

ইটুরি প্রদেশের রাজধানী বুনিয়ার মহামারি পর্যবেক্ষণ কমিটির সদস্য ডা. বিয়েনসি কানো বলেন, ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকেই স্বাস্থ্যকর্মীরা তাদের বকেয়া বেতন ও ঝুঁকি ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বুনডিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। যদিও এই ধরনটি অন্যান্য ইবোলা স্ট্রেইনের তুলনায় অপেক্ষাকৃত কম প্রাণঘাতী, তবুও কার্যকর প্রতিরোধব্যবস্থার অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা