সারাবিশ্ব

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম, ১৫ দিনে প্রাণ গেল প্রায় ২ হাজার মানুষের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম, ১৫ দিনে প্রাণ গেল প্রায় ২ হাজার মানুষের
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে ইউরোপের দেশ বেলজিয়ামে অল্প সময়ের ব্যবধানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। জুনের শেষভাগ থেকে জুলাইয়ের শুরুর মধ্যে মাত্র ১৫ দিনে দেশটিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে জানায়, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে। সংস্থাটির তথ্যমতে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশের দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশে। এরপর মৃত্যু সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ব্রাসেলস এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স প্রদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, ২০০০ সাল থেকে তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব সংরক্ষণ করে আসছে সিয়েনসানো। সেই দীর্ঘ সময়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু ঘটল।

এর আগে ২০২০ সালে বেলজিয়ামে তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড ছিল, সে সময় দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। তবে এবারের পরিস্থিতি সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি