সারাবিশ্ব

কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:২২ এএম

কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের প্রতি কানাডার ‘অসম আচরণের’ জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন শুল্কের আওতায় আনা হয়েছে ওয়াইন, হকিস্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছসহ কানাডার কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান ইউএসএমসিএ (USMCA) মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকুক বা না থাকুক, তালিকাভুক্ত সব পণ্যের ক্ষেত্রেই নতুন শুল্ক প্রযোজ্য হবে।

এ সিদ্ধান্তের ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে কানাডা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউএসএমসিএ চুক্তির চেতনার পরিপন্থীভাবে যুক্তরাষ্ট্র একের পর এক একতরফা শুল্ক আরোপ করছে এবং সর্বশেষ সিদ্ধান্তও সেই ধারাবাহিকতার অংশ।

কার্নি আরও অভিযোগ করেন, কানাডার সার্বভৌমত্বও হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, তিনি ট্রাম্পের সেই বিতর্কিত মন্তব্যের দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে ট্রাম্প প্রকাশ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছিলেন।

এর আগে থেকেই দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও বাণিজ্যিক বাধা বিদ্যমান ছিল। নতুন এই সিদ্ধান্ত সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বর্তমানে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর যুক্তরাষ্ট্র ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। এছাড়া কানাডার সফটউডের ওপর ৩৫ শতাংশ এবং গাড়িতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্কও কার্যকর রয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরযানের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।

সূত্র: বিবিসি