সারাবিশ্ব

সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত, আহত ১ 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত, আহত ১ 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ওঠে। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা।

গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। আহত হন একই ব্যাটালিয়নের সদস্য বিকাশ ব্রহ্ম (৪৪)। তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও সংস্থার সূত্র জানিয়েছে, ঘটনার সময় জওয়ানরা বিশ্রামে ছিলেন।

সূত্র আরও জানায়, অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিএসএফের অভ্যন্তরীণ আইনে তাকে শাস্তি দেওয়া হয়। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাহিনী থেকে অব্যাহতির প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই ফের এ ঘটনা ঘটল।

ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি বিএসএফও নিজস্ব তদন্ত শুরু করেছে।

বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।