সারাবিশ্ব
মধ্যরাতে মোদি সরকারের সঙ্গে বৈঠক, যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল সিজেপি
আন্দোলন প্রত্যাহারের পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ তুলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতের বৈঠকের পর আপাতত নতুন কর্মসূচি থেকে সরে এসেছে সংগঠনটি।
গতকাল সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে এনডিটিভি।
বৈঠক শেষে সিজেপি জানায়, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন (নোটিফিকেশন) জারি করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সরকারের প্রতিনিধিদের সঙ্গে দুই থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার কথা উল্লেখ রয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের প্রজ্ঞাপন জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের আশ্বাস বাস্তবায়ন হবে—এমন প্রত্যাশা থেকেই আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।
এর আগে সোমবার সিজেপি অভিযোগ করেছিল, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা লঙ্ঘন করে বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, সমঝোতা অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে এবং পুলিশি হয়রানি বন্ধ না হলে তারা আবারও রাজপথে আন্দোলনে নামবেন।
তবে বৈঠকের পর সিজেপি জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর তারা নজর রাখবে এবং কোনো বিক্ষোভকারী যেন আইনি হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংগঠনটি কাজ চালিয়ে যাবে।
সূত্র: এনডিটিভি