সারাবিশ্ব

মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক, দুঃখ প্রকাশ করল মেটা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক, দুঃখ প্রকাশ করল মেটা
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘প্রযুক্তিগত ভুলের কারণে কনটেন্টটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরুদ্ধার করা হয়েছে।’

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং মেটার ব্যাখ্যা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে।

সংবাদ সংস্থা আইএএনএসের দাবি, প্রধানমন্ত্রী মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (মেইটিওয়াই) মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে।

ভিডিওতে যা বলেছিলেন মোদি

গত ২৩ জুলাই প্রকাশিত ভিডিওতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া ‘জেন জেড’ তরুণদের উদ্দেশে বক্তব্য দেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়ন করবে এবং এ-সংক্রান্ত প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে।

তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হয়েছে। তরুণদের ভবিষ্যৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতে ব্যবহারকারীরা একটি বার্তা দেখেছিলেন, যেখানে বলা হয়েছিল, আইনগত অনুরোধের ভিত্তিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আগে ভিডিওটি কয়েক মিলিয়নবার দেখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি