সারাবিশ্ব

ব্রড পিকে তুষারধস, নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহী নিখোঁজ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:০১ এএম

ব্রড পিকে তুষারধস, নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহী নিখোঁজ
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধসের ঘটনায় বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাসহ একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের অন্তত ১০ সদস্য নিখোঁজ হয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি)। খবর দ্য ডন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ব্রড পিকে তুষারধসের ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নির্মল পুরজার নেতৃত্বাধীন দলটি ক্যাম্প-৩-এর দিকে অগ্রসর হওয়ার সময় তুষারধসের মুখে পড়ে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন পাকিস্তানের হুনজা অঞ্চলের পর্বতারোহী সোহাইল সাখি, পাঁচজন নেপালি, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি আরোহী।

এসিপির কর্মকর্তা কারার হায়দরি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে সরকারি কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থার সমন্বয়ে হেলিকপ্টার এবং স্থল উদ্ধারকারী দল অভিযান শুরু করবে।

আলপাইন ক্লাবের তথ্য অনুযায়ী, আরোহীদের জিপিএস অবস্থান বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, তুষারধসের ফলে তারা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং বরফের নিচে আটকা থাকতে পারেন।

এসিপির মহাসচিব আয়াজ শিগরি বলেন, অভিযাত্রী দলটি বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং শুক্রবার শীর্ষে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে ক্যাম্প-৩-এর পথে বৃহস্পতিবার তুষারধসের কবলে পড়ে তারা।

এক বিবৃতিতে এসিপি জানায়, ‘সব আরোহীর নিরাপদ উদ্ধার কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের পাশে আছি।’