সারাবিশ্ব
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১ আগস্ট) একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলার পর শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কিয়েভজুড়ে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়েছে। একই সঙ্গে ইউক্রেন এখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে রয়েছে।
মেয়র ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েছেন। এছাড়া শহরের কয়েকটি গুদামেও আগুন লাগার ঘটনা ঘটেছে।
এর আগে, গত বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামের একই পরিবারের ছয় সদস্য ছিলেন।
সাম্প্রতিক এই হামলাকে চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয় বড় রুশ হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সূত্র: রয়টার্স