সারাবিশ্ব
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল চীন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি আবারও অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি মানবিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, রামাল্লায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে নিযুক্ত চীনা কার্যালয়ের প্রধান সান ঝেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ফিলিস্তিনের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ ও তাদের প্রতি হওয়া অবিচার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেয়েছেন। এ পরিস্থিতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চীনের অবস্থান অপরিবর্তিত থাকবে।
সান ঝেন আরও জানান, ফিলিস্তিনের প্রতি মানবিক ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে কাজ করবে বেইজিং। চলতি বছর চীন-ফিলিস্তিন কৌশলগত অংশীদারিত্বের তৃতীয় বার্ষিকী হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: আল জাজিরা, ওয়াফা।