সারাবিশ্ব
রাশিয়ার হামলায় ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত ২
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় রুশ হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। একই সময়ে রাশিয়ার অভ্যন্তরে একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, ওদেসা অঞ্চলের বেরেজিভকা জেলায় রুশ হামলায় একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হামলার সময় ট্রেনটিতে প্রায় ৩৪০ জন যাত্রী ছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, জেটচালিত একটি ড্রোন দিয়ে ট্রেনটিতে হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, হামলাকারীরা জানত এটি একটি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তু।
জেলেনস্কি বলেন, ইউরোপে যুদ্ধ বন্ধে বিশ্ব যদি সত্যিই আন্তরিক হয়, তাহলে ইউক্রেনকে আরও বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বাড়াতে হবে।
এদিকে ওদেসা অঞ্চলের ইজমাইল জেলার প্রশাসন জানিয়েছে, রাতভর রুশ হামলায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়। হামলার কারণে ইজমাইল শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ নেটওয়ার্ক মেরামত করে সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাতভর রাশিয়া ১৩৩টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১১১টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইজমাইল বন্দরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অস্থায়ী অবস্থান এবং সামরিক সরঞ্জাম খালাস ও সংরক্ষণের কাজে ব্যবহৃত বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি দানিয়ুব নদীর তীরবর্তী রেনি বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর একটি কমান্ড পোস্টেও হামলার দাবি করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির ১৭টি অঞ্চলের পাশাপাশি কৃষ্ণসাগর, আজভ সাগর ও ক্রিমিয়ার আকাশে মোট ৩৬২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের প্রধান রাদিয় খাবিরভ জানান, চিশমিনস্কি জেলায় একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন আহত হয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ সালাভাত শহরের একটি শিল্প এলাকায় পড়ে আগুন ধরে যায়।
রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজও জানিয়েছে, তাদের একটি স্থাপনা থাকা শিল্প এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে সেখানে আগেই লোকজন সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ওই স্থাপনায় কোনো পণ্য সংরক্ষণ করা ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পরে ইউক্রেনের জেনারেল স্টাফ হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে, তারা বাশকোর্তোস্তানের গাজপ্রম নেফতেখিম সালাভাত তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি