সারাবিশ্ব
দ্য ইকোনমিস্টের জরিপ: ট্রাম্পের প্রতি মধ্য-বয়সি আমেরিকানরাও অসন্তুষ্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় মধ্যবয়সি আমেরিকানদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা ও চিকিৎসাব্যয় নিয়ে উদ্বেগের কারণে ৪৫ থেকে ৬৪ বছর বয়সি নাগরিকদের বড় একটি অংশ ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।
দ্য ইকোনমিস্ট ও ইউগভের পরিচালিত জরিপে দেখা গেছে, ৪৫ থেকে ৬৪ বছর বয়সি ৬০ শতাংশ আমেরিকান ট্রাম্পের কার্যক্রম অনুমোদন করেন না। বিপরীতে তার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র ৩৫ শতাংশ।
৭ থেকে ১০ আগস্ট পরিচালিত জরিপে এই বয়সসীমার ১ হাজার ৫৮৯ জন আমেরিকান অংশ নেন। এর আগে ৫ থেকে ৮ জুনের জরিপে একই বয়সি নাগরিকদের মধ্যে ট্রাম্পের প্রতি অসন্তুষ্টির হার ছিল ৫৩ শতাংশ, আর সন্তুষ্ট ছিলেন ৪৩ শতাংশ। অর্থাৎ দুই মাসের ব্যবধানে অসন্তুষ্টির হার ৭ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের প্রতি অসন্তোষ শুধু প্রবীণদের মধ্যেই সীমাবদ্ধ নেই; তরুণদের মধ্যেও তার জনপ্রিয়তা কমছে। বর্তমানে ১৮ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ৪১ শতাংশে নেমে এসেছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মধ্যবয়সিদের মধ্যে উদ্বেগ রয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৫ থেকে ৬৪ বছর বয়সিদের ৭৯ শতাংশ মনে করেন, দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা দুর্বল।
অন্যদিকে, মাত্র ১৯ শতাংশ মধ্যবয়সি আমেরিকান মনে করেন, ট্রাম্পের বর্তমান মেয়াদে তাদের জীবনযাত্রার পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও চিকিৎসাব্যয় নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনের প্রতি জনঅসন্তোষ আরও বাড়িয়ে তুলছে বলে জরিপের ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে।