সারাবিশ্ব
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২৯ শাবান শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, শাবান মাস এবার ৩০ দিনে পূর্ণ হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাস শেষ হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী ৮ মার্চ সোমবার হতে পারে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চাঁদ দেখা ও সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্তের ওপর রমজান ও ঈদের তারিখ চূড়ান্ত হবে। ফলে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখের সঙ্গে চূড়ান্ত তারিখে সামান্য পার্থক্য হতে পারে।
এর আগে ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়েও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গিয়েছিল। কোনো কোনো দেশে ১৬ জুন মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা শুরু হয়।
সূত্র: জর্ডান নিউজ।