সারাবিশ্ব

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭৫৭ মার্কিন সেনা আহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭৫৭ মার্কিন সেনা আহত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হালনাগাদ করা তথ্যভান্ডারে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

বুধবার পেন্টাগন তাদের সেনা হতাহতের তথ্য হালনাগাদ করে। এতে নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার নাম যুক্ত করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের বৈদেশিক অভিযান বিভাগের তথ্য এবং ‘অপারেশন এপিক ফিউরি’র হিসাব মিলিয়ে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ১৮ মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

গত মাসে প্রতিরক্ষা দপ্তর তাদের সেনা হতাহতের তথ্যভান্ডারে ‘বৈদেশিক অভিযান’ নামে নতুন একটি বিভাগ চালু করে। সেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের এই শ্রেণির আওতায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তবে কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পেন্টাগন।

গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় কংগ্রেসকে জানায়, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়েছে।

ইরানের সঙ্গে সংঘাত চলার সময় পেন্টাগনের তথ্যভান্ডারে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা তুলনামূলক কম দেখানো নিয়ে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার কয়েক সপ্তাহ পর নতুন এই হিসাব প্রকাশ করা হলো।

এর আগে গত মাসে মোট হিসাব থেকে চার সেনার মৃত্যুর তথ্য এবং কয়েক ডজন আহত সেনার তথ্য হঠাৎ বাদ পড়ে যায়। পরে সেগুলো আবার আগের হিসাবের সঙ্গে যুক্ত করা হয়। ওই সময় পেন্টাগন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছিল, ‘সাময়িক তথ্য বিভ্রাটের’ কারণে সেনা হতাহতের সংখ্যা কম দেখানো হয়েছিল।