সারাবিশ্ব

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু ও অংশীদার হতে চায় চীন: ওয়াং ই


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু ও অংশীদার হতে চায় চীন: ওয়াং ই
তৌহিদ হোসেন ও ওয়াং ই। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্ব ও আস্থার বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, “চীন সবসময় বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হতে চায়।”

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং ই। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ওয়াং ই বলেন, “বাংলাদেশের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, দেশটি তার প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ খুঁজে পাক, আর সেই যাত্রায় চীন সবসময় পাশে থাকবে।”

এছাড়া, তিনি বাংলাদেশের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পক্ষে চীনের সমর্থনের কথাও জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী পরিকল্পনা গড়ে তোলা প্রয়োজন।”