সারাবিশ্ব

ইনস্টাগ্রামে রিল ভিডিও, ক্ষোভে মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

ইনস্টাগ্রামে রিল ভিডিও, ক্ষোভে মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
রাধিকা যাদব। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানায় চাঞ্চল্যকর এক ঘটনায়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে নিজের মেয়ে, উঠতি টেনিস তারকা রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা। বৃহস্পতিবার (১০ জুলােই) সকালে গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।

মাত্র ২৫ বছর বয়সী রাধিকা রাজ্য পর্যায়ে হরিয়ানার অন্যতম সেরা নারী ডাবলস খেলোয়াড় ছিলেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তালিকায় তিনি ডাবলসে ১১৩তম স্থানে ছিলেন। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতোই প্রতিভাবান ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, রাধিকার ইনস্টাগ্রাম রিল নিয়ে দীর্ঘদিন ধরেই বাবা-মেয়ের মধ্যে উত্তেজনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার সেই উত্তেজনা চরমে পৌঁছায়। একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে রাধিকার বাবা লাইসেন্সপ্রাপ্ত রিভলবার বের করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন মেয়ের ওপর। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার পেছনে পারিবারিক মানসিক চাপ এবং 'সম্মানের দ্বন্দ্ব' কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

রাধিকার প্রাক্তন কোচ মনোজ ভরদ্বাজ বলেন, “ও ছিল অসাধারণ প্রতিভাবান, পরিশ্রমী এবং নিয়মানুবর্তী। ভারতের টেনিসের জন্য এটি অপূরণীয় ক্ষতি।”