সারাবিশ্ব
স্কুল চলার সময়ই ধসে পড়ল ছাদ, ধ্বংসস্তূপে চাপা শিক্ষক-শিক্ষার্থীরা
ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ ধসে পড়েছে ভবনের ছাদ। সেই ছাদের নিচে চাপা পড়ে যান শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় হতাহত আরও অনেকে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আনন্দবাজার পত্রিকা ও পিটিআই সূত্রে এই তথ্য জানা গেছে।
পুলিশ সুপার অমিত কুমার জানান, দুর্ঘটনার সময় স্কুলে অন্তত ৪০ জন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ভবনের একতলা অংশ ধসে পড়ে। মুহূর্তেই তৈরি হয় ধ্বংসস্তূপ, যার নিচে আটকে পড়েন অনেকে।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবনের নিচে আরও মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের বাইরে জড়ো হয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। চারদিকে আতঙ্ক আর কান্নার সুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।