সারাবিশ্ব

ভারতে অতিরিক্ত ফি দাবি করায় সেনা কর্মকর্তার হামলায় বিমানবন্দরে তুলকালাম


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম

ভারতে অতিরিক্ত ফি দাবি করায় সেনা কর্মকর্তার হামলায় বিমানবন্দরে তুলকালাম
ছবি: সংগৃহীত

ভারতের শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন ব্যাগেজের কারণে অতিরিক্ত ফি দাবি করাকে কেন্দ্র করে মারাত্মক ঘটনা ঘটেছে। লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং নামে এক সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্পাইসজেটের চার কর্মীকে শারীরিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। 

আজ রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে স্পাইসজেট দাবি করে, হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তাদের কর্মীরা গুরুতর আহত হয়েছেন—কারো মেরুদণ্ডে ফাটল ধরেছে, আবার কারো চোয়ালে আঘাত লেগেছে।

ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই, শ্রীনগর থেকে দিল্লিগামী এক ফ্লাইটের চেক-ইন চলাকালে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সেনা কর্মকর্তার সঙ্গে থাকা দুটি কেবিন ব্যাগের মোট ওজন ছিল ১৬ কেজি, যা অনুমোদিত ৭ কেজির দ্বিগুণের বেশি। যখন গ্রাউন্ড স্টাফরা তাকে অতিরিক্ত ওজনের জন্য প্রযোজ্য ফি দিতে বলেন, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি স্টিলের একটি সাইনবোর্ডের স্ট্যান্ড তুলে কর্মীদের ওপর আক্রমণ করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই সেনা কর্মকর্তা কর্মীদের লক্ষ্য করে স্ট্যান্ড ছুড়ে মারছেন এবং গালাগাল করছেন। স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ফি না দিয়েই তিনি জোরপূর্বক অ্যারোব্রিজে প্রবেশ করেন, যা বিমানবন্দরের নিরাপত্তা বিধি লঙ্ঘনের শামিল। পরবর্তীতে সিআইএসএফ কর্মকর্তারা তাকে ফিরিয়ে আনলেও তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং একের পর এক কর্মীকে মারধর করতে থাকেন।

এক কর্মী মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে পুনরায় লাথি মারেন অভিযুক্ত ব্যক্তি। অপর এক কর্মী সহকর্মীকে সাহায্য করতে গেলে তাকেও চোয়ালে আঘাত করেন, যার ফলে তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে।

ঘটনার পর সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং তদন্তের ফলাফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবসময় শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

ঘটনার পর অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যা নিয়েও প্রশ্ন তুলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও সাধারণ যাত্রীরা।