সারাবিশ্ব
শেখ হাসিনা ভারতে কেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক: ওয়েইসি
ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার সংসদ সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি একটি অনুষ্ঠানে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন।
তিনি বলেন, ভারত যদি সত্যি সত্যিই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত।
এই মন্তব্য তিনি করেন ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়া এক্সচেঞ্জ’ নামের এক আলোচনামূলক অনুষ্ঠানে। আলোচনার সময় সীমান্তে অনুপ্রবেশ ও বাংলাভাষী জনগণের ওপর চলমান হয়রানি নিয়ে প্রশ্ন উঠলে ওয়েইসি কটাক্ষ করে বলেন, “শেখ হাসিনাও তো একজন বাংলাদেশি, তাহলে তিনি কেন ভারতে অবস্থান করছেন? যদি দেশকে অনুপ্রবেশমুক্ত করতে হয়, তাহলে তাকেও ফেরত পাঠানো হোক।”
ওয়েইসির এই বক্তব্যের পেছনে বিজেপি সরকারের নীতির কড়া সমালোচনা রয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার অনুপ্রবেশের নামে বাংলাভাষী দরিদ্র মুসলিমদের টার্গেট করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকা থেকে মুসলিম শ্রমিকদের আটক করে বিমানযোগে কলকাতায় এনে বাংলাদেশ সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে, এমনকি তাদের পরিচয় যাচাই না করেই।
তিনি আরও বলেন, "বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা একটি বিপজ্জনক বিদেশাতঙ্কের প্রতিফলন। পুলিশ কি করে বিচার ছাড়াই কাউকে আটকে রাখতে পারে?"
ওয়েইসির মতে, বিজেপি সরকার ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিহারে এসআইআর (বিশেষ নিবন্ধন অভিযান)-এর নামে বৈধ নাগরিকদেরও বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।