সারাবিশ্ব
নারীদের নামাজের স্থানে ‘গোমূত্র দিয়ে পবিত্র’ করলেন বিজেপির এমপি!
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ঐতিহাসিক ‘শনিওয়ার ওয়াড়া’ প্রাঙ্গণে কয়েকজন মুসলিম নারী নামাজ আদায় করার পর, সেই স্থান ‘গোমূত্র দিয়ে পবিত্র’ করার ঘটনায় নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনায় নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ মেধা কুলকার্নি।
বিজেপি ঘনিষ্ঠ একটি হিন্দু সংগঠনের সদস্যদের নিয়ে কুলকার্নি শনিবার ঐ স্থানে ‘শুদ্ধিকরণ অনুষ্ঠান’ আয়োজন করেন। ওই সময় গোমূত্র ছিটানো হয় এবং শিব বন্দনার আয়োজন করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
মেধা কুলকার্নি দাবি করেন, ‘‘শনিওয়ার ওয়াড়া কোনো নামাজের জায়গা নয়। এখানে নামাজ আদায় করাটা দুঃখজনক। এই ঘটনা মারাঠা সাম্রাজ্যের গর্বের প্রতীক পুনে দুর্গের জন্য অবমাননাকর।’’ তিনি জানান, প্রশাসনের কাছে তিনি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজেপি এমপির ভাষ্য, ‘‘আমরা শিব বন্দনা করেছি, স্থানটি শুদ্ধ করেছি। গেরুয়া পতাকা উত্তোলনেরও চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন তা করতে দেয়নি।’’ তিনি অভিযোগ করেন, ‘‘এই ধরনের লোকজন যেকোনো জায়গায় নামাজ পড়ে, পরে সেটিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে। হিন্দু সমাজ এখন সচেতন রয়েছে।’’
তবে মেধা কুলকার্নির এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। এনসিপি নেতা অজিত পাওয়ারের দলের মুখপাত্র রূপালি পাতিল থম্ব্রে বলেন, ‘‘পুনেতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। বিজেপি এমপি যে কাণ্ড করেছেন, তা সরাসরি সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার চেষ্টা। পুলিশকে তার বিরুদ্ধে মামলা করতে হবে।’’
এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, ‘‘বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদকে ধ্বংস করছে।’’
এদিকে, ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (এএসআই) দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঐ দুর্গে নামাজ পড়া অজ্ঞাতপরিচয় কয়েকজন নারীর বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। ঘটনাস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা।