সারাবিশ্ব

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, রক্তাক্ত ময়ূখ রঞ্জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, রক্তাক্ত ময়ূখ রঞ্জন
ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বাংলাদেশবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও তিনি সরাসরি লাঠির আঘাতে আহত হননি, তবে আহত বিক্ষোভকারীদের রক্তে তার শার্ট রক্তাক্ত হয়ে যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে রক্তে দাগ পড়া শার্টের ছবি পোস্ট করে বিষয়টি জানান ময়ূখ।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’

ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’ এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন।