সারাবিশ্ব
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইসিসিকে নতুন শর্ত দিল বিসিবি
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর এক মাসও বাকি নেই। ঠিক এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি দিয়ে জানিয়েছে, ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে তারা স্বস্তিবোধ করছে না।
নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছে বোর্ড।
ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে কেন নিরাপত্তা শঙ্কা রয়েছে, সে বিষয়ে বিসিবি আইসিসিকে বিস্তারিতভাবে অবহিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির সর্বশেষ চিঠিতে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনে বলা হয়, বিসিবি চায়-ভারতে বিশ্বকাপ খেলতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন।
এদিকে আইসিসি তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা বিসিবির সামনে উপস্থাপন করেছে এবং একাধিক বিকল্প ব্যবস্থার প্রস্তাবও দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিসিবির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
একই সঙ্গে আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ বিষয় নয়। কারণ সম্প্রচারক প্রতিষ্ঠান ও আয়োজকদের প্রস্তুতি ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে।
বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিসিবি ও আইসিসির এই অবস্থান নিয়ে ক্রিকেট বিশ্বে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হয় এবং এই ইস্যুতে কী সিদ্ধান্ত নেয় বিসিবি।