সারাবিশ্ব

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি, আহত বহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি, আহত বহু
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ নামের হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ বিভিন্ন ইউনিট অংশ নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে অবস্থানরত অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতা থেকে বাঁচতে কয়েকজন আতঙ্কিত মানুষ জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।