সারাবিশ্ব

অফিসে ঢুকে সাবেক প্রেমিকাকে ২০ বার ছুরিকাঘাত, পরে কাটলেন নিজের গলাও


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

অফিসে ঢুকে সাবেক প্রেমিকাকে ২০ বার ছুরিকাঘাত, পরে কাটলেন নিজের গলাও
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের মোহালিতে এক বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে সাবেক প্রেমিকাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। ঘটনার পর নিজ গলায়ও একাধিকবার ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত।

শুক্রবার প্রকাশ্যে আসা অফিসের সিসিটিভি ফুটেজে ভয়াবহ এ ঘটনার দৃশ্য ধরা পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরবিন্দর মান ওরফে হ্যারি নামে ওই তরুণ অফিসে প্রবেশ করেন। সে সময় ডিম্পল নামে এক তরুণী নিজের ডেস্কে বসে কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত শুরু করেন হ্যারি।

প্রাণ বাঁচাতে ডিম্পল দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে অফিসের দরজার কাছে নিয়ে যান অভিযুক্ত। সেখানে চুল ধরে টেনে এনে আবারও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। উপস্থিত সহকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাকে থামাতে পারেননি।

একপর্যায়ে ডিম্পল মাটিতে লুটিয়ে পড়লেও হামলা চালিয়ে যান হ্যারি। পুলিশ জানিয়েছে, তরুণীকে ২০ বারেরও বেশি ছুরিকাঘাত করা হয়েছে।

হামলার পর অভিযুক্ত অফিসের ভেতরে ফিরে গিয়ে নিজের গলায়ও ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। জানা গেছে, তিনি প্রায় ৩০ বারের বেশি নিজের গলায় ছুরিকাঘাত করেন।

ঘটনার পর আতঙ্কিত সহকর্মীরা পুলিশকে খবর দিলে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ডিম্পলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হ্যারির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একই প্রতিষ্ঠানে প্রায় তিন বছর ধরে কাজ করতেন হ্যারি ও ডিম্পল। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে কিছুদিন আগে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন হ্যারি, কিন্তু ডিম্পল তাতে রাজি হননি।

ধারণা করা হচ্ছে, এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।