সারাবিশ্ব

নারী-শিশুসহ একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

নারী-শিশুসহ একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন।

রবিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ জানতে পারে যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ আরও জানায়, চারটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি; আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।