সারাবিশ্ব

দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই কঠোর বার্তা দিলেন মোদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম

দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই কঠোর বার্তা দিলেন মোদি
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন আরও জোরালো হয়েছে। এ ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করলেও, আন্দোলনের মধ্যেই কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইকৃত পাতায় দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরেন্দ্র মোদি আরও বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।