সারাবিশ্ব
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি, সময় চাইল ভারত সরকার
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ ও চলমান ছাত্র আন্দোলন অব্যাহত রাখার দাবিতে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার (২৪ জুলাই) সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে এ অবস্থানের কথা জানায় দলটি।
এদিন বিকেলে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে অনুষ্ঠিত বৈঠকের পর আন্দোলনের নেতারা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে।
সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও নেতা আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার সময় চেয়েছে এবং তারা আশা করছেন দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে আত্মহত্যায় মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, সরকারের পক্ষ থেকে দুটি শর্তসাপেক্ষ দাবি মেনে নেওয়ার পর সংলাপে সম্মত হয়েছে ককরোচ জনতা পার্টি। শর্তগুলোর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ককরোচ নেতারা তাদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থার পাঁচটি সংস্কার প্রস্তাব তুলে ধরেন।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, শনিবার বিকেলে আবারও বৈঠক হবে এবং সেখানে সরকারের অবস্থান বিস্তারিতভাবে জানানো হবে।