জাতীয়

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ভাষণ শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউট করে।

বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই ওয়াকআউটে যোগ দেন। তারা ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে প্রতিবাদ জানাতেই এসব দেশের প্রতিনিধি দল সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য আজারবাইজানের রাজধানী বাকুতে সপ্তম সিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।