জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল নিয়ে এবার যা জানা গেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল নিয়ে এবার যা জানা গেল
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা চলতি অক্টোবর মাস থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন, তা এখনো নিশ্চিত হয়নি। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

তবে নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষকদের দ্রুত বেতন দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাউশি মহাপরিচালক বলেন, ‘নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষক কর্মচারীরা যেন দ্রুত সময়ের মধ্যে বেতন পান, সেজন্য কাজ চলছে।’

তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন মাউশি মহাপরিচালক।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ মাদ্রাসায় কর্মরত জনবলের বেতন হিসাবের পদ্ধতি। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতনের হিসাব এখনো হাতে কলমে করতে হয়। অন্যদিকে, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হয়। মাদ্রাসার বেতন হিসাব সম্পন্ন করতে তুলনামূলক বেশি সময় লাগায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নেও বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন পেতে কিছুটা সময় লাগবে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব নাও হতে পারে।

শুধু স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন দিয়ে পরে মাদ্রাসার জনবলকে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এটি সম্ভব নয়। দুটি আলাদা বিভাগ হলেও মন্ত্রণালয় একই। তাই সবাই একসঙ্গেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন।