সারাবিশ্ব

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের বিজ্ঞান প্রতিযোগিতা আয়োজন বুরকিনা ফাসোর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের বিজ্ঞান প্রতিযোগিতা আয়োজন বুরকিনা ফাসোর
ছবি: সংগৃহীত

নারীদের জন্য সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নারীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

গত জুনে দেশটিতে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করা হয়। সে সময় জানানো হয়েছিল, এ ধরনের প্রতিযোগিতার জন্য নতুন নীতিমালা তৈরি করা হবে। এর লক্ষ্য বুরকিনা ফাসোর সাংস্কৃতিক পরিচয়, সামাজিক নীতি ও মানবিক মর্যাদা রক্ষা করা।

সুন্দরী প্রতিযোগিতা স্থগিতের দুই মাস পর নারীদের জন্য ‘হাকিলি মুসো’ নামে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করে দেশটির সরকার। এর মাধ্যমে নারীদের বৈজ্ঞানিক জ্ঞানের স্বীকৃতি দেওয়া এবং তাদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় ৮৪ জন নারী গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে অংশ নেন। বিজয়ীদের অর্থ পুরস্কার ও বৃত্তি দেওয়া হয়।

পরে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের জ্ঞানের প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

সূত্র, আফ্রিকা ওয়ার্ল্ড।