সারাদেশ
‘হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি’: হুইপ দুলু
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মন্দিরে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “আমি যত দিন বেঁচে আছি, আমার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি-ধমকি দিলে আমাকে টেলিফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি পাশে থাকবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতে হিন্দু-মুসলমানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক ছিল। ঈদ ও পূজা ছিল সবার সম্মিলিত আনন্দের উপলক্ষ। এসব উৎসবে একে অপরের বাড়িতে যাওয়া-আসা এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে সামাজিক বন্ধন আরও দৃঢ় হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোর সদর ও নলডাঙ্গা তাঁর নির্বাচনী এলাকা। এ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যেকোনো ধরনের হুমকি বা হয়রানির ঘটনা ঘটলে তা জানানোর জন্যও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি বরাদ্দের তথ্য অনুযায়ী, নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে চাল বিতরণ করা হয়। প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুই উপজেলায় মোট ১৪১টি মন্দিরের জন্য ৮৪ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।