জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও উন্নত করতে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। নবগঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৩ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিকে আগামী দুই মাসের মধ্যে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে হবে।

কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও এতে সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং তা আরও কার্যকর করার লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাজের প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।