সারাদেশ

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে বন্দরটির ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি ইতোমধ্যে বুড়িমারী স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে দুই দেশের ব্যবসায়ীদের পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে পণ্য পারাপার বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরকে জানানো হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক নিয়মে চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোর সিদ্ধান্তের কারণে বুড়িমারী স্থলবন্দরে সাময়িকভাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময় শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।