সারাদেশ
প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় একসঙ্গে দুজনেরই মৃত্যু
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে এক তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চৌগাছা যশোর সড়কের কয়ারপাড়া টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের স্বজনেরা জানিয়েছেন, অয়ন ও মিথিলা সম্পর্কে প্রেমিক প্রেমিকা ছিলেন। বিকেলে তারা নম্বরবিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে করে আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন।
পথে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অয়ন ও মিথিলা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় মিথিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। আর মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার বাসিন্দা।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।