সারাবিশ্ব

হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধির বোতল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধির বোতল
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট ভাসতে দেখা গেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে সাগরে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায় বলে জানিয়েছেন সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

তবে জাহাজটি ডুবে যাওয়ার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লাগায় জাহাজটি ডুবে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন, বিলাসবহুল সুগন্ধিসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল।

এদিকে হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা ৪৮ ঘণ্টায় ড্রোন হামলাসহ অন্তত পাঁচটি ঘটনার কথা জানিয়েছে।

পৃথক আরেকটি ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ কেপ দাও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজটির একজন নাবিক নিহত হন। রয়টার্স জানিয়েছে, জাহাজটির অন্য নাবিকদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।

ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার জবাবে হামলা বাড়ানো হচ্ছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো।

সূত্র, ইন্ডিয়া টুডে ও দ্য সান।