সারাবিশ্ব

টাকার বিছানায় শুয়ে ভাইরাল তরুণী, এতো টাকার নেপথ্যে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেল?


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

টাকার বিছানায় শুয়ে ভাইরাল তরুণী, এতো টাকার নেপথ্যে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেল?
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপ ব্যবহার করে পুরুষদের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এভাবে এখন পর্যন্ত প্রায় ৬ কোটি রুপি আদায় করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকার সমান।

শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিংহ রাজপুত। এলাহাবাদ হাইকোর্টের এক আইনজীবী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, পল্লবী সিংহ রাজপুত সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের সঙ্গে পরিচিত হতেন এবং পরে সম্পর্ক গড়ে তুলে কৌশলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করতেন।

ভুক্তভোগীদের দাবি, কখনও বিয়ের প্রস্তাব দিয়ে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি করা হতো। এরপর সেই ছবি ও ভিডিও ব্যবহার করে শুরু হতো ব্ল্যাকমেল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।

অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের কথিত মিথ্যা মামলায় অন্তত পাঁচজন ইতোমধ্যে কারাভোগ করেছেন। সামাজিকভাবে হেয় হওয়ার ভয় ও আইনি জটিলতা এড়াতে অনেকেই বাধ্য হয়ে অর্থ দিয়েছেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পল্লবীর দুটি ছবি ভাইরাল হয়েছে। একটিতে তাকে টাকার বান্ডিল ছড়িয়ে রাখা বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, নতুন ব্যক্তিদের টার্গেট করতে পল্লবী সিংহ রাজপুত সুইটি তিওয়ারিসহ একাধিক ছদ্মনামে অ্যাকাউন্ট ব্যবহার করতেন। অভিযোগ অনুযায়ী, এই কাজে দুজন পুরুষ ও দুজন নারী সহযোগী হিসেবে জড়িত ছিলেন।

অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনার সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে প্রয়াগরাজ পুলিশ।