সারাবিশ্ব
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেশকে আরও উন্নত ও সম্মানজনক অবস্থানে নিতে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন।
সোনম ওয়াংচুক মনে করেন, দেশের নেতৃত্বে সৎ, সাহসী ও নিঃস্বার্থ মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। এ জন্য নাগরিকদের নিজ নিজ এলাকা থেকে যোগ্য ও সৎ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।
তার দাবি, ভারতের অনেক সাংসদের বিরুদ্ধেই খুন ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলা রয়েছে। এ ধরনের পরিস্থিতির কারণে রাজনৈতিক নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনীতিতে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তিনি।
রাজনীতিতে কীভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যায়, তা নিয়ে দেশের সৎ ও সচেতন নাগরিকদের সঙ্গে আলোচনা করতে চান সোনম ওয়াংচুক। তার মতে, শুধু বুদ্ধিজীবী বা বিশিষ্ট ব্যক্তিদের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও এ উদ্যোগে যুক্ত হতে হবে।
এদিকে রাজনীতিতে পরিবর্তনের আহ্বানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন সোনম ওয়াংচুক। ঝাড়খণ্ডে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও তিনি সমর্থনের আশ্বাস দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।